দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করল নেইমাররা। অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের অভিযানে প্রথমেই হোঁচট খেল ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি দলটি।
ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন স্বাগতিক অধিনায়ক ও প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমার।
ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন সম্প্রতি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। তার শট পোস্টে লেগে ফিরে আসে।
৫৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাকি সময় এক জন বেশি নিয়েও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি ব্রাজিল। ইরাক ও ডেনমার্কের মধ্যে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।IMG0
এছাড়া ‘ডি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে হন্ডুরাস ৩-২ গোলে আলজেরিয়াকে হারিয়েছে।