দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত আসামি বন্দুকযুদ্ধে নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলার চার্জশিটভুক্ত ১০ নম্বর আসামি জেএমবি সদস্য শফিউল আলম ওরফে ডন ওরফে সোহান (২০) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে নান্দাইল ডাঙ্গরি (ডাংগীর) এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিউলসহ দুইজন নিহত হওয়ার বিষয়টি জানা গেছে।
 
দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলার চার্জশিট অনুযায়ী শফিউলের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হাটশ্যামগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
 
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সকালে জেএমবি সদস্য ও চার্জশিটভুক্ত আসামি নজরুল ওরফে হাসান, রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটরসাইকেলে করে মঠে আসে। নজরুল মোটরসাইকেলে বসে থাকে। রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটরসাইকেল থেকে নেমে মঠের ভিতরে যায়। রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল চাপাতি দিয়ে এক কোপে যজ্ঞেশ্বর রায়ের দেহ থেকে মস্তক দ্বিখন্ডিত করে ফেলে। আর রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন দুজনেই তাকে পিস্তল দিয়ে গুলি করে। ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে আবার চলে যায়। ঘটনার পর থেকে শফিউল পলাতক ছিলেন। চলতি বছরের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব শফিউলকে গ্রেফতার করেছিলেন।
 
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ হত্যাকাণ্ডের চার্জশিটে শফিউলের নাম রয়েছে। তিনি চার্জশিটের ১০ নম্বর আসামি বলে নিশ্চিত করেছেন।