পরীক্ষামূলকভাবে রাস্তায় 'ট্রানজিট এলিভেটেডে বাস'

নির্ধারিত সময়ের আগেভাগে বাসা থেকে বের হয়েও প্রতিদিনই অফিস-আদালত, স্কুল-কলেজে পৌঁছতে দেরি হয় অসংখ্য মানুষের। কারণ, রাস্তার বীভৎস যানজট। কাজের ব্যস্ত সময়ে ট্রাফিক জ্যাম জর্জর ঢাকার কী রূপ হয় তা ভুক্তভোগী মাত্রই জানেন।
 
আচ্ছা ভাবুন তো, যানজটের সমস্যা থেকে মুক্তি দিতে যদি এমন কোন অত্যাধুনিক বাস আসে, যা অন্য গাড়ির উপর দিয়ে অনায়াসে চলতে পারে!
 
ভাবছেন, এটা আবার কী রকমের কল্পনা! না, এটা অলিক কোনো কল্পনা নয়। বরং বাস্তব। চীনে আসতে চলেছে এমনই অভিনব বাস। রাস্তায় পরীক্সামূলকভাবে নামানোও হয়েছে তা।
 
নতুন এই বাসের নিচ দিয়েই চলে যেতে পারবে ছোট ছোট গাড়ি। অর্থাৎ এসব বাস যটে পড়লে অন্যসব গাড়ির ওপর দিয়েই চলে যেতে পারবে! তাহলে ভাবুন কত বড় হবে এই বাসগুলো। হ্যাঁ, এসব দৈত্যবাস লম্বায় হবে ৭২ ফুট আর প্রস্থে হবে ২৫ ফুট।
 
বিদ্যুচ্চালিত এই বাসগুলোকে বলা হচ্ছে ট্রানজিট এলিভেটেডে বাস সংক্ষেপে টিইবি। এর নির্মাণে সহায়তা করেছে চীনের প্রতিষ্ঠান টেবটেক।
 
টেবটেক থেকে জানানো হয়, যেসব রাস্তায় যানজট বেশি সেখানে এই বাসগুলো কোনো জটে পড়বে না। এসব বাসের নিচ দিয়েই বাকি সব গাড়ি চলে যেতে পারবে। ফলে বাকি গাড়িগুলোও আটকাবে না, আবার এই বাসগুলোও থেমে থাকবে না। এগুলোর গতিবেগ হবে ঘণ্টায় ৪০ মাইল।
 
চীনের নতুন এই বাসের ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল, ফ্রান্স, ভারত ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশগুলো। সম্প্রতি চীনের কুইনহুয়াংডো শহরে এসব বাস পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হয়। সেখানে বাসগুলোর গতিরোধ ব্যবস্থাসহ নানা বিষয় পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই বাজারজাত করা হবে এসব বাস।