চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধাসহ নয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নুরু মার্কেট এলাকায় এ ঘটনায় একটি কুলিং কর্নার ও চারটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে খাগরিয়ার মৃত বশরত আলীর স্ত্রী আমেনা খাতুন (৯০), বৃদ্ধার ছেলে নুরুল আলম প্রকাশ মিঠা খাইয়্যা (৩২), নুরচ্ছফার ছেলে মো. করিম(২৩), আলী আহমদের ছেলে মো. শাহেদ (১৮), সরু মিয়ার ছেলে মো. লোকমান (৩০), তারই সহোদর মো. ইসমাইল (৩৫), আহমদ শফির ছেলে মো. বোরহান (১৭), মৃত সোনা মিয়ার ছেলে জামাল গ্রুপ প্রধান মো. জামাল (৪৫) ও জামালের ছেলে মো. নাসির (২৫)।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, অস্ত্রধারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।