হানিফ মোহাম্মদের পাশে পিসিবি

পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান হানিফ মোহাম্মদের পাশে দাঁড়ালো দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। কিংবদন্তি এই ক্রিকেটারের চিকিৎসায় ১০ লাখ রুপি অনুদান দিয়েছে পিসিবি।
 
পাকিস্তানের এই লিটল মাস্টারের পাশে এবার দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি) দাঁড়ালো। বোর্ড সভাপতি শাহরিয়ার খানের পক্ষে হানিফের হাতে এই চেক তুলে দেন পিসিবির উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও এরশাদ খান।
 
তিন বছর আগে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৮১ বছর বয়সী এ ব্যাটিং লিজেন্ড। শ্বাসকষ্টজনিত কারণে গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
নিজের প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। রান ৪৩.৯৮ গড়ে ৩৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭ হাজার ৫৯ রান, ব্যাটিং গড় ৫২.৩২।