বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন কোচ হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবার্তো মার্টিনেজ। মার্স উইলমটসের স্থলে বুধবারই জাতীয় দলের নতুন কোচ হিসেবে মার্টিনেজকে বেছে নেয় বেলজিয়াম ফুটবল কর্তৃপক্ষ।
ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৬ ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের কাছে পরাজিত হওয়ার পর স্বদেশি সাবেক মিডফিল্ডার উইলমটসকে বরখাস্ত করে বেলজিয়াম ফুটবল।
এই পরাজয়ের ফলে বড় টুর্নামেন্টে পর পর দুই বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় রেড ডেভিলসদের। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে দল খারাপ ফল করায় বিশেষ করে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয়ের পর এভারটনের কোচের পদ থেকে সরে দাঁড়ান ৪৩ বছর বয়সী মার্টিনেজ।
বর্তমানে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরই দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। বর্তমান সময়ে দলের সেরা প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ভিন্সেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইয়ান, ইডেন হ্যাজার্ড এবং রোমেলু লুকাকুর মতো তারকারা রয়েছেন।
দলে এমন ধরনের মেধাসম্পন্ন খেলোয়াড় থাকায় প্রত্যাশা অনেক বেশি বলে স্বীকার করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশার কারণে অনেক বেশি চাপ থাকবে। নিজেদের অধিকাংশ ম্যাচেই ফেবারিট হিসেবে মাঠে নামবে বেলজিয়াম এবং এটা সাাল দিতে আমাকে প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে সকলেই বেলজিয়ামকে সমীহ করে। তারা একটা সোনলী প্রজন্ম? এটা ধরে রাখতে আমাদের কঠোর পরিশ্রম করা দরকার।’
রোমার সাবেক কোচ রুডি গার্সিয়া এবং বিশ্বকাপ জয়ী ইতালির মার্সেলো লিপ্পিকে পিছনে ফেলে বেলজিয়ামের কোচের দায়িত্ব পান মার্টিনেজ। অবশ্য কোচ নিয়োগের বেলায় ‘বাজেটের সীমাবদ্ধতা’ ছিলো বলে স্বীকার করেন বেলজিয়ান ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর বার্ট ভারহেগে।