জাতীয় দলে ফিরছেন মেসি!

দায়িত্ব নেয়ার পরপরই তার প্রধান চ্যালেঞ্জ মেসিকে ফেরানো। সেই লক্ষ্য বার্সাও যাচ্ছেন এডগার্ডো বাউজা। লিওনেল মেসিকে কি দলে ফেরাতে রাজি করাতে পারবেন? 
 
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, যা খবর মিলছে, তাতে বাউজার প্রথম মিশন সফলই হওয়ার কথা। মেসি নিজেই নাকি জাতীয় দলে ফেরার ব্যাপারে কথা বলতে উন্মুখ হয়ে আছেন বাউজার অপেক্ষায়!
 
মেসির সঙ্গে কথা বলতে সামনের সপ্তাহেই বার্সেলোনায় উড়ে যেতে পারেন বাউজা। গত কোপা আমেরিকা ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ঘোষণার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, মেসি সেটি বদলাতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে।
 
এখনো আনুষ্ঠানিক খবর না এলেও আর্জেন্টিনার প্রধান ক্রীড়া দৈনিক ওলে একরকম নিশ্চিত করেছে, মেসি ফিরছেন। শুধু তা-ই নয়, ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচেই দেখা যাবে তাঁকে।
 
কিছুদিন আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আরমান্দো পেরেজ স্পেনে গিয়েছিলেন। মেসির সঙ্গে দেখা করে নিশ্চয় বোঝানোরও চেষ্টা করেছেন। কিন্তু তবুও মেসি ফেরার কোনো ইঙ্গিত দেননি।
 
বাউজাও দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন, মেসির সঙ্গে কথা বলবেন, ‘আমি ওকে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বলব না, শুধু ফুটবল নিয়ে কথা বলব। নিজের কাজ নিয়ে কথা বলব।’