হবিগঞ্জে ছেলেকে অপহরণের অভিযোগে এক প্রবাসী মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে শহরতলীর বড়বহুলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকার বাসিন্দা নূর হোসেন এবং তার স্ত্রী রহিমা আক্তারের (৩৫) মাঝে বনিবনা না থাকায় কয়েক বছর পূর্বে তারা পৃথক হয়ে যান। এরই মাঝে তাদের ছেলে জুবায়ের হোসেন রাব্বি (১১) ২০১০ সালে নিখোঁজ হয়। উক্ত ঘটনায় নূর হোসেন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে ছেলেকে অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তখন রহিমা গ্রেফতার হয়ে প্রায় দেড়মাস কারাভোগ করেন। পরে জামিনে ছাড়া পেয়ে তিনি জর্ডানে চলে যান। কয়েক বছর বিদেশে থেকে প্রায় দেড়বছর পূর্বে তিনি দেশে ফেরেন। এরই মাঝে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে সদর থানার এএসআই আকতার হোসেন বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এদিকে রহিমা জানান, তার স্বামী নূর হোসেন ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।