জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, 'বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। জঙ্গিরা সমাজের ক্যান্সার এবং ইসলামের শত্রু। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে যুদ্ধ করতে হবে।'
শুক্রবার যশোরের কেশবপুর উপজেলার আবু শারাফ মিলনায়তনে জঙ্গি ও নাশকতা বিরোধী সর্বদলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসমাত আরা সাদেক একথা বলেন।
সভায় বক্তৃতাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরকে জঙ্গিমুক্ত রাখার আহ্বান জানালে উপস্থিত সকলে দাঁড়িয়ে হাত উঁচু করে দৃঢ় কণ্ঠে তাদের এলাকা যেকোন মূল্যে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ- একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'এটা এ দেশের সৌন্দর্য। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ সন্ত্রাস ও জঙ্গিদের উৎখাত করতে না পারলে আমরা কেউই শান্তিতে বসবাস করতে পারব না।'
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ রানা, কেশবপুর উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর- বাসস।