রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চারজন।
শনিবার ভোরে ঘটনাস্থল থেকে নদীর দুইকিলোমিটার ভাটি থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- চররামনগরের হালিমা বেগম (৪০), তাঁর মেয়ে ফরিদা আক্তার (১৮), সাদারচরের বেগম (৩৫) ও আলোকবাড়িয়া এলাকার রাজু (৫)।
এছাড়া বেগম (২০), রাহুল (৬), হাসনা (৫) ও দুলাল (৩৬) নিখোঁজ রয়েছেন। তাদের গ্রামের বাড়ি জেলার পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামে।
কালুখালী থানার ওসি নুরে আলম ফকির জানান, রাজবাড়ী ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ভোরে ঘটনাস্থল পদ্মা নদীতে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনজনের লাশ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।