প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচাইতে জনপ্রিয় আসর অলিম্পিকের মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ব্রাজিলে রিও অলিম্পিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তিনি অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন। মশাল হাতে তিনি প্রায় ২০০ মিটার হেঁটে যান।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, ব্রাজিলের রাজধানীতে মশাল রিলের শেষ ধাপে ড. ইউনূস যখন মশাল বহন করেন তখন অসংখ্য মানুষ উল্লাস প্রকাশ করছিলেন। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। এই মশাল দিয়ে স্টেডিয়ামের মূল বিশাল মশালটি প্রজ্বালন করা হয়। এরপরই শুরু হয় এবারের রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।
এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সভায় ভাষণ দেন ড. ইউনূস। বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতাসহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের এই নোবেল লরিয়েট অলিম্পিক কমিটিকে সামাজিক ব্যবসা ও উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ক্রীড়া বিশ্বের অনেক ক্ষমতা। কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক আবেগ, উত্তেজনা [...] এবং অনেক আশা ও উদ্দীপনা। অলিম্পিক ডটওআরজি।