ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক না থাকায় ভাংচুর করছে শিক্ষার্থীরা। শুক্ররার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে অবস্থানকালে বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. হাসানুজ্জামান রোকন নামের এক শারীরিক প্রতিবন্দ্বী শিক্ষার্থীকে বিষধর কিছু কামড় দেয়। এসময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দ্রুত মেডিকেলে নেন। দীর্ঘ সময় প্রতীক্ষার পরেও কর্তব্যরত চিকিৎসককে না পেয়ে মেডিকেল ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে ডরমেটরিতে অবস্থানরত ডা. পারভেজ হাসান ঘটনাস্থলে এসে ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন।
মেডিকেল সূত্রে জানা যায়, কর্তব্যরত চিকিৎসক হিসেবে ডা. বদিউজ্জামানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি মেডিকেলে ছিলেন না। এ ঘটনায় চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত চিপ মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছি।
মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক উপস্থিত না থাকার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন, কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি দুঃখজনক। শনিবার এ বিষয়ে মিটিং করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।