চলতি সপ্তাহে আরো এক বিতর্কের জন্ম দিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে এক জনসভায় বক্তৃতাকালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে যদি কখনো হামলা হয়, জাপানিরা তখন বসে বসে সনি টেলিভিশন চ্যানেল দেখবে।
ট্রাম্প এবারের বক্তব্যে ন্যাটোভুক্ত বেশ কিছু দেশের সমালোচনা করে জানান, যে সকল দেশ তাদের অতিরিক্ত সামর্থ্য থাকার পরও সে অনুপাতে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) আর্থিক অনুদান দেয় না তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু কঠোর সিদ্ধান্ত নেয়া উচিত। এ ছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যারা, যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা সুবিধা ভোগ করছে কিন্তু বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কোনো আর্থিক সুবিধা দিচ্ছে না তাদেরও সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, 'আপনারা জানেন, জাপানের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে-যদি তারা আক্রান্ত হয়, তাহলে তাদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে পূর্ণ শক্তি ব্যয় করতে হবে। কিন্তু আমরা যদি আক্রান্ত হই, জাপান কিছুই করতে পারবে না। কারণ তাদের সংবিধানের আর্টিকেল ৯ অনুসারে তারা অন্যদেশে সৈন্য পাঠাতে পারবে না।
তিনি বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সৌদি আরবসহ বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এর বিনিময়ে তারা কিছুই দেয় না। তাদেরকে এর বিনিময় কিছু দিতে হবে। কারণ এখন আর ৪০ বছর আগের সময় নেই।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬০ সালের ১৯ জানুয়ারি জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি হয়। এর আওতায় জাপানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার সেনা মোতায়েন রয়েছে।
ট্রাম্প জানান, আমাদের উচিত তাদের নিরাপত্তা দেয়া বন্ধ করা। আর সেটা করা না হলেও কমপক্ষে তাদের এটা বন্ধ করে দেয়ার ভয় দেখানো উচিত। দ্য টেলিগ্রাফ।