অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অভিযোগে আটক ৪৪ নেপালি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা বিভিন্ন মেয়াদে বাংলাদেশে অবস্থান করছিলেন।
শনিবার সকালে তাদেরকে ঢাকা থেকে পুলিশ হেফাজতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আনা হয়। প্রসঙ্গত, শুক্রবার রাজধানী ঢাকার একটি এলাকা থেকে পাসপোর্ট ও ভিসার মেয়াদোত্তীর্ণ ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের সন্ধ্যানে আসা এ সব নেপালি নাগরিক ২১ মে ভারত হয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। ৪ আগস্ট গোগন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা সংস্থার লোকজন রাজধানীর মিরপুর ডিওইসএস এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তাদের বিরুদ্ধে কোনো ধরনের নাশকতায় জড়িত থাকার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করার অপরাধে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানার অর্থ আদায় করা হয়।