গাজীপুরের কালীগঞ্জে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুও খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ। নিহত দুই শিশু জাঙ্গালীয়া ইউনিয়নের আজমপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে আড়াই তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, তামিম ও জান্নাত বাড়ীর পার্শ্ববর্তী পুকুর পাড়ে একটি প্লাস্টিকের রিক্সা নিয়ে খেলা করছিল। এক পর্যায় ওই খেলনাটি পুকুরের পানিতে পড়ে যায়। আর তা তুলে আনতে তামিম পুকুরে নামে।
তাকে উদ্ধার করতে জান্নাতও পুকুরে নামে। এ সময় দু’জনই পানিতে তলিয়ে যায়। বাড়ীর লোকজন দু’জনকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে তাদের খোঁজ করেন এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিন ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ব্যাপারে তামিমের বাবা মো. তাজুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২০) দায়ের করেছেন।