রাজবাড়ীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের তিন জনসহ ছয় যাত্রীর লাশ উদ্ধারের পর অভিযান শেষ হয়েছে। শনিবার দুপুরে এ অভিযান শেষ হয় বলে জানান ডুবুরি দলের রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার মো. নুরুন্নবী।
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া বাজার ব্রিজের কাছে শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেলে নারী ও শিশুসহ ছয় জন নিখোঁজ হন। নিহতরা হলেন হালিমন (৫০), হালিমনের মেয়ে ফরিদা আক্তার (৩০), হালিমনের ননদ মোছাম্মৎ বেগম (২০), রাজু (৪), রাহুল (৬) ও দুলাল (৩৬)। এদের মধ্যে প্রথম তিন জনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর এবং দুই শিশু ও দুলালের বাড়ি কালুখালী উপজেলার আলেকদিয়া গ্রামে।
কালুখালী থানার এসআই হারুন জানিয়েছেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হারুন জানান, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জিনাত আরা।
এছাড়া রাজবাড়ী সংসদ সদস্য কাজী কেরামত আলী, মো. জিল্লুল হাকিম এবং সংরক্ষিত আসনের কামরুনাহার চৌধুরী লাভলী গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ২০/২২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা হরিণবাড়ীয়া থেকে পাংশা উপজেলার হাবাসপুর যাচ্ছিল। পথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ছয় জন নিখোঁজ হন।