তার নেতৃত্বে দুটো ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করার পরও নেতৃত্ব হারাতে হচ্ছে ড্যারেন স্যামিকে। শনিবার নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন স্যামি।
তিনি বলেন, ‘গতকাল সকালে আমি একটি ফোন পাই। আমার সঙ্গে ৩০ সেকেন্ডের মতো কথা হয়। নির্বাচন প্যানেলের চেয়ারম্যান আমাকে বলেন, আমার নেতৃত্ব পর্যালোচনা করা হবে। আমি আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছি না। এছাড়া আমার পারর্ফমও ভালো না, সুতরাং স্কোয়াড থেকেও বাদ পড়তে পারি।’
তিনি আরও বলেন, 'আমি সব সময় বলে আসছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ড্যারেন স্যামি নয়। তারা ভবিষ্যতের দিকে নজর দেবেন। আমি নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে চাই। আমি এখনও জানি না কে হচ্ছে তাই আমি তাকে কল দিতে পারছি না। নতুন অধিনায়ক যে হচ্ছে তার জন্য শুভকামনা।’
অধিনায়কত্বের ছয় বছরের দারুণ সময়ের জন্য সতীর্থ, কোচ এবং ভক্তদের ধান্যবাদ জানান তিনি। অধিনায়কত্বটা যখন পান, বেশ বড় চ্যালেঞ্জই ছিল তার সামনে। ড্যারেন স্যামি শুধু সেই চ্যালেঞ্জই জয় করেননি, ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটো ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ট্রফি উপহার দিয়েছেন। অথচ তাকেই কিনা হারাতে হচ্ছে অধিনায়কত্ব।