ইসরাইলি কারাগারে অনশনে শত শত ফিলিস্তিনি

ইসরাইলের কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দী অনশন পালন করছেন। এদের মধ্যে বেশ কয়েকজন কারারক্ষীদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন। অনেক বন্দীই বিনা বিচারে আটক থাকা বিলালের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাবার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। বিচার বহির্ভূতভাবে আটক রাখার প্রতিবাদে টানা ৫২ দিন ধরে অনশন করছেন বিলাল।
 
এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে, ইসরাইল এবং অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন কারাগারে আটক ৩২৫ জন বন্দী গত বুধ ও বৃহস্পতির থেকে খাদ্যগ্রহণ বন্ধ রেখেছেন। শুক্রবার তাদের সাথে যোগ দেন আরো ৮০ জন।
 
বিনা বিচারে আটক বিষয়ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি কমিশন এএফপি বলেছে, বন্দীরা চলতি সপ্তাহে কারাগারে নেয়া কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছেন। এই পদক্ষেপের মধ্যে ছিলো, বেশ কিছু সংখ্যক বন্দীকে নির্জন কারাবাসে পাঠানো, ব্যক্তিগত জিনিসপত্র জব্দ এবং বন্দীদের অন্যান্য সুযোগ-সুবিধার পরিবর্তন। তবে ইসরাইল প্রিজন সার্ভিস বলেছে, প্রতিবাদের বেশিরভাগটাই হামাস গ্রুপের সেল থেকে বন্দীদের আলাদা রাখার কর্তৃপক্ষের একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে।
 
উল্লেখ্য, ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় সাত হাজারের মতো ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এদের মধ্যে প্রশাসনিক আটকাদেশ আইনে আটক আছেন প্রায় সাতশ জন। -আল জাজিরা
 
ইত্তেফাক/এএস