জঙ্গি শফিউলের লাশ তার নানাবাড়ি ঘোড়াঘাট উপজেলার বৈদর গ্রামে পৌঁছেছে। শফিউলের নানার নাম শরিফউদ্দিন মন্টু। ইতিমধ্যে লাশ দাফনের জন্য কবর খননসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে এলাকায় যাতে জঙ্গিরা হামলা করতে না পারে বা শফিউলের লাশকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। বৈদর গ্রাম থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত র্যাব, বিজিবি ও থানা পুলিশ ব্যপক টহল দিচ্ছে।
উল্লেখ্য, শোলাকিয়ায় ঈদের জামায়াতে হামলার ঘটনায় জঙ্গি শফিউল ওরফে সোহানকে আহত অবস্থায় আটক করে পুলিশ। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাখা হয়। সেখানে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় তাকে শোলাকিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পথে জঙ্গি বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। তারা জঙ্গি শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মাঝে শফিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
ইত্তেফাক/এ এন