বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য নতুন একটি ফিচার আনতে যাচ্ছে টুইটার। আপাতত ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটি।
ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে গ্রাহকদের টুইটের মাধ্যমে যোগাযোগ কমাতে এবং 'ডিরেক্ট মেসেজ'-এর মাধ্যমে যোগাযোগে উৎসাহিত করতে নতুন ফিচারটি আনতে যাচ্ছে টুইটার।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে প্রকাশ, বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন নামী-বেনামী ব্যবসায় প্রতিষ্ঠান স্ব স্ব পণ্য বা সেবার প্রচার-প্রসার ও বিক্রি বৃদ্ধির জন্য গ্রাহকদের সাথে যোগাযোগে টুইটার ব্যবহার করে থাকে। এক্ষেত্রে গ্রাহকরা অনেক সময় টুইট করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন, যা ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। সেজন্যই টুইটের মাধ্যমে যোগাযোগ কমিয়ে 'ডিরেক্ট মেসেজ'-এর মাধ্যমে যোগাযোগ বাড়াতে মেসেজের জন্য একটি বাটন চালু করতে চাইছে টুইটার কর্তৃপক্ষ।
সূত্রের খবর মতে, আপাতত টুইটারের মোবাইল অ্যাপে নতুন বাটনটি পরীক্ষামূলকভাবে যোগ করা হয়েছে। ফিচারটি যোগ করায় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর টুইটার অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে সামান্য পরিবর্তন এসেছে। কারণ টুইট বাটনটির পাশেই জুড়ে দেয়া হয়েছে সরাসরি মেসেজ পাঠানোর বাটনটি।
আপাতত @অ্যাপলসাপোর্ট, @উইবার_সাপোর্ট, @বিটসসাপোর্ট, @এটিভিআইঅ্যাসিস্ট এর মতো নির্বাচিত বেশ কিছু টুইটার অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে নতুন বাটনটি চালু করা হয়েছে বলেও জানিয়েছে টেকক্রাঞ্চ।
ইত্তেফাক/এএম