মুম্বাইয়ে একটি ভবন ধসে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে মুম্বাইয়ের একই এলাকায় দুটি ভবন ধসের ঘটনা ঘটল।
রবিবার সকালে ভিবন্ডির হনুমান টেকরি এলাকায় তিনতলা বাড়িটি ধসে পড়ে ২ জন মারা যায়। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে ৭-৮ জন আটকা পড়েছে। ঘটনাস্থলে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত এক জনকে উদ্ধার করা গিয়েছে। ওই বাড়িতে মোট তিনটি পরিবারের বাস। তবে পরিবারগুলোতে মোট কত জন সদস্য রয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি উদ্ধারকারীরা।
স্থানীয় প্রশাসন আরো জানিয়েছে, বাড়িটির অবস্থা নাজুক ছিল। যে কোনও মুহূর্তেই ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। এই আশঙ্কার কথা মাথায় রেখেই গত কয়েক দিন আগে ওই পরিবারগুলিকে বাড়িটি ছেড়ে দেয়ার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তার পরেও তারা সাবধান হননি। স্থানীয় বাসিন্দারাও একই অভিযোগ জানিয়েছেন।
গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাড়িটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। ঘটনার দিন সকাল বেলায় বাড়িটি ধসে পড়ে। গত রবিবার ভিবন্ডিতে একই এলাকায় একটি দোতলা বাড়ি ভেঙ্গে পড়ে ৮ জন প্রাণ হারায়। ওই ঘটনায় ২০ জন আহত হয়। এএফপি।
ইত্তেফাক/এসএস
ইত্তেফাক/এসএস ইত্তেফাক/এসএসইত্তেফাক/এসএস