বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম এক মাস স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রবিবারর আবেদন করবে। অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি এবং সদ্য ঘোষিত কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন।
২০১৪ সালের ১৯ মার্চ কিশোরগঞ্জের ইটনায় এক নির্বাচনী সভায় বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সেইদিনই পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয়। গত ১২ জুলাই ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেছেন খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।