কুনিও হোসি হত্যা: ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত।
 
এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই গ্রেফতারকৃত বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লবসহ ৫ জনকে মামলা থেকে অব্যাহতি এবং পলাতক ৪ জেএমবি ক্যাডারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
 
রবিবার দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এই আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
 
এদিকে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, জেএমবি ক্যাডার ইছাহাক আলী, লিটন মিয়া ও আবু সাইদ রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। এর আগে গত ৩ জুলাই চাঞ্চল্যকর জাপানি নাগরিক হত্যার ঘটনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাদ্দাম হোসেন, আহসান উল্লাহ, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এদের মধ্যে রংপুরে জাপানি নাগরিক ও মাজারের খাদেম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পঞ্চগড়ের গৌড়ীয় মঠের অধ্যক্ষ হত্যাসহ ১১টি হত্যা মামলার আসামি জেএমবির কিলার গ্রুপেরক্যাডার নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত মঙ্গলবার ভোররাতে রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। 
 
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় জাপানি নাগরিক কুনিও হোসিকে দুর্বৃত্তরা গুলি হত্যা করে। এ ব্যাপারে কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।