অলিম্পিকের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সানিয়া-ভেনাস

অলিম্পিকে মেয়েদের টেনিসে প্রথম রাউন্ডেই অঘটনের শিকার মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। এছাড়া মেয়েদের ডাবলস থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ভারতের সানিয়া মির্জাও।
 
রবিবার সোনা জয়ের মিশনে প্রথম রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ ছিল বেলজিয়ামের ৬২ নম্বর খেলোয়াড় কারস্টেন ফ্লিপকেন্স। প্রথম সেটে ৪-৬ ভেনাস জয় পেলেও এরপর ঘুরে দাঁড়ান ফ্লিপকেন্স।
 
বাকি দুই সেট ৬-৩, ৭-৫ (৭-৫) গেমে জিতে নেয় বেলজিয়াম তারকা। এর আগে ২০০০ সিডনিতে প্রথমবারের মতো অলিম্পিকের এককে সোনা জিতেছিলেন ভেনাস।
 
তবে সোনা জয়ের আরও একটা সুযোগ পাচ্ছেন ভেনাস। বোন সেরেনার সঙ্গে ডাবলসে এখনও সোনার আশা বেঁচে আছে।
 
অন্যদিকে ডাবলসে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। অলিম্পিকে তার সঙ্গী ছিলেন প্রার্থনা থোমবারে। কিন্তু চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে দুজন হেরে গেছে এই জুটি।
এখন রোহান বোবান্নার সঙ্গে মিশ্র ডাবলসে শুধু পদক জয়ের স্বপ্ন বেঁচে আছে সানিয়ার।