'সন্তানকে জঙ্গিমুক্ত রাখতে মা-বাবার ভূমিকাই মুখ্য'

‘জঙ্গিবাদের বিষয়ে সন্তানকে সচেতন করতে পিতা-মাতাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, সব খোঁজ-খবর পরিবারকে নিতে হবে।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
 
জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের সচেতন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মানববন্ধনটির আয়োজন করে।
 
মা ও বাবা দুইজনকেই সন্তানের সঙ্গে সখ্যতা গড়ার ওপর গুরুত্বারোপ করে চুমকি বলেন, সন্তানকে সব ধরনের দীক্ষা দিতে হবে। সন্তানদের দিকে খেয়াল রাখার পাশাপাশি তাদের সাথে দূরত্ব কমিয়ে বন্ধুর মতো আচরণ করতে হবে। তাহলেই জঙ্গিবাদ থেকে সন্তানকে দূরে রাখা যাবে।
 
গুলশানসহ বিভিন্ন স্থানে হওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে কোনো আইএস নেই। যা ঘটছে তা বিএনপি ও জামায়াতের কাজ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে তারা এক সময় রাষ্ট্র ক্ষমতা দখল করেছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রাকে রুখতে কালে-কালে নানাভাবে ষড়যন্ত্র করছে। বর্তমানে এই অপশক্তি ইসলামের নামে জঙ্গিবাদের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করছে।