রেলের নিরাপত্তা জোরদারের তাগিদ সংসদীয় কমিটির

দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে রেলওয়েকে নিরাপদ ও যাত্রী চলাচলের উপযোগী রাখতে নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া রেলপথে অবৈধ মালামাল ও ঝুঁকিপূর্ণ সরঞ্জামাদি যাতে ঢুকতে না পারে সে জন্য প্রয়োজনীয় সংখ্যক চেক পয়েন্টে, লাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার দ্রুত স্থাপনের সুপারিশ করেছে কমিটি।
 
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। সভায় রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রেলওয়ের অব্যবহৃত জমি বিদ্যমান নীতিমালা অনুযায়ী বরাদ্দের বিষয়ে আলোচনা করা হয়।
 
সভায় চট্টগ্রাম রেলওয়ের সিআরবির সামনের জায়গায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইন্সটিটিউট নির্মাণের উদ্দেশ্যে নিয়োগকৃত কনসালটেন্ট যে সম্ভাব্যতা যাচাই রিপোর্ট প্রদান করেছে তা স্থায়ী কমিটির নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করার সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য  মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা এবং ফাতেমা জোহরা রানী  ও রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।