'মানুষকে মূল্যায়ন করতে হবে তার যোগ্যতার মানদণ্ডে'

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'মানুষকে মূল্যায়ন করতে হবে তার যোগ্যতা দিয়ে। দক্ষতা অর্জনের বড় হাতিয়ার হচ্ছে যোগ্যতা। একজন যোগ্য মানুষ নিজের জন্য নয়, দেশের জন্য নিজেকে বিলিয়ে দেয়। তবে যোগ্যতা অর্জনের জন্য প্রশিক্ষণ অপরিহার্য।'
 
রবিবার ঢাকায় পরিকল্পনা একাডেমী মিলনায়তনে বিসিএস ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তাদের তিন মাসব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, 'আমরা বীরের জাতি। আমরা যখন যে সিদ্ধান্ত নেয়ার তা নিতে জানি। আমাদের এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। মানুষের জীবনে যেমন পরিবর্তনের একটি সুযোগ জীবনে আসে তেমনি জাতির জীবনেও পরিবর্তনের সুযোগ আসে।'
 
তিনি মানুষের সেবা করার মাধ্যমে কাজের আনন্দ খুঁজে নেয়ার পরামর্শ দেন কর্মকর্তাদের। অনুষ্ঠানে পরিকল্পনা একাডেমীর মহাপরিচালক কানিজ ফাতিমা, পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব এন সিদ্দীকা খানম এবং কোর্স পরিচালক নাজমা চৌধুরী বক্তব্য রাখেন। কর্মশালায় ২২ জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করছে।
 
 
ইত্তেফাক/এস এস