নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় অলিম্পিকের শুটিং রেঞ্জে নামছেন বাংলাদেশের শ্যুটার আবদুল্লা হেল বাকী। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় রিও’র অলিম্পিক শুটিং সেন্টার রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই পর্বে খেলবেন ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শুটার।
রিও অলিম্পিক গেমসের শুটিং রেঞ্জে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবেন তিনি। এ বাছাই রাউন্ড পেরুতে পারলে তিনি খেলবেন ফাইনাল রাউন্ডে পদকের লড়াইয়ে।
এবারের রিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়েই খেলতে গেছেন বাংলাদেশের অন্যতম সেরা শুটার আবদুল্লাহেল বাকি। অলিম্পিকের আগে আন্তর্জাতিক আসরে বাকীর সেরা সাফল্য ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জয়। কমনওয়েলথে স্কটল্যান্ডের ব্যারি বারডন শুটিং কমপে¬ক্সে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল শুটঅফে ২০২.১ পয়েন্ট স্কোর করে রৌপ্য জিতেছিলেন বাকি।
এ ইভেন্টে ২০৫.৩ স্কোরে ভারতের অভিনব বিন্দ্রা স্বর্ণ এবং ১৮২.৪ স্কোর করে ব্রোঞ্জ জিতেছিলেন ইংল্যান্ডের ড্যানিয়েল। বাকির ছয়বারের শুটঅফে স্কোর ছিল ১০৩.৪, ১০৪.৮, ১০৩.৩, ১০৪.০, ১০২.৫ এবং ১০২.০।
এবারের রিও অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনের ১৫টি ইভেন্টে ৯৭ দেশের ৩৯০ জন শুটার অংশ নিচ্ছেন। যার মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলে লড়বেন বিভিন্ন দেশের ৫৬ জন শুটার। বাকীর ক্যারিয়ার সেরা স্কোর ৬২৭/৬২৮ পয়েন্ট। কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬২২.৮ স্কোর করে তিনি ৩০তম স্থান অর্জন করেছিলেন।
বাকী যদি তার এ স্কোর অব্যাহত রাখতে পারেন, তাহলে তিনি হয়তো বাছাই রাউন্ড পেরিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারবেন। তবে পদক জয়ের স্কোর অনেক দূরে। কারণ গত ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এ ইভেন্টে রোমানিয়ার অ্যালিন মোলদিভিয়ানু ৭০২.১ স্কোর করে জিতেছিলেন স্বর্ণ। আর র্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা ড্যানিশ শুটার মাগনুস বাকেনের স্কোর ছিল ৬৯১.৫।