চলতি অলিম্পিকে নিজেদের প্রথম পদক জয় করলো স্বাগতিক ব্রাজিল। শনিবার ১০ মিটার এয়ার পিস্তল থেকে রৌপ্য পদক লাভ করেছেন দেশটির শ্যুটার ফেলিপ উ। এতে স্বর্ণপদক পেয়েছেন ভিয়েতনামের হোয়াং জুয়ান ভিন।
শনিবার দিওদোরার অলিম্পিক শ্যুটিং সেন্টারে অনুষ্ঠিত পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২০২.১ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হন তিনি। স্বর্ণপদক জয়ী জুয়ানের স্কোর ছিল ২০২.৫। সমর্থকরাই এই পদক জয়ে সহায়তা করেছে বলে দাবি করেছেন ফেলিপ। কারণ, এ সময় তারা ব্রাজিলের জাতীয় সঙ্গীত গেয়ে তাকে উৎসাহ দিয়েছে।
দিনটি অবশ্য সবদিক থেকে ব্রাজিলের অ্যাথলেটদের অনুকূলে ছিল।
ইনডোর ভলিবলে ক্যামেরুনকে পরাজিত করেছে স্বাগতিক নারীরা। কোপাকাবানা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বিচ ভলিবলের পুরুষ ও মহিলা উভয় বিভাগেই জয় পেয়েছে স্বাগতিক দল। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল যথাক্রমে কানাডা ও চেক প্রজাতন্ত্র।