খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'তারাই জঙ্গি যারা '৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা '৭৫-এ জাতির পিতাকে হত্যা করেছিল, যারা ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।'
রবিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন উন্নয়নে দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিদেশে হেয় করতেই জঙ্গিবাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, 'জঙ্গিদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তাহলেই জঙ্গিবাদ নির্মূলের করা সম্ভব হবে।
সাবেক চেয়ারম্যান লাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ উপস্থিত ছিলেন। খবর- বাসস।
ইত্তেফাক/ এস এস