শ্যালিকার স্বামীর (ভায়রা ভাই) দায়ের করা চেক প্রতারণার মামলায় এখানকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম গিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রবিবার অভিযুক্ত গিয়াসের উপস্থিতিতে অভিযোগ গঠনের নির্দেশ দেন দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. আশ্রাফুল ইসলাম। একই সঙ্গে আগামী ২৪ অক্টোবর এ ব্যাপারে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ জানুয়ারি জমি ক্রয়ের কথা বলে শ্যালিকার স্বামী সাইফুল ইসলামের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ঋণ নেন পিপি সাইফুল ইসলাম গিয়াস।
দীর্ঘ দিনেও টাকা পরিশোধ না করে চলতি বছরের ৭ জানুয়ারি ঐ অংকের টাকার একটি চেক দেন।
চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি এখানকার সিএমএম আদালতে অ্যাডভোকেট গিয়াসের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন সাইফুল ইসলাম।
গত ২৩ জুন মামলাটি ওই আদালত থেকে দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়। রবিবার অভিযুক্ত পিপি সাইফুল ইসলাম আদালতে হাজির হলে তার উপস্থিতিতে চার্জ গঠনের নির্দেশ দেয় বিচারক।
ইত্তেফাক/এমআই