জয় ছাড়া ভাবছে না ভারত, টিকে থাকতে চায় ওয়েস্ট ইন্ডিজ

চার টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তাই তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাইছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষের মতো সিরিজ নিয়ে ভাবছে ওয়েস্ট ইন্ডিজও। সিরিজ বাঁচাতে হার বাদে তৃতীয় ম্যাচে ড্র বা জয়ের যেকোন একটি হলেই খুশী ক্যারিবীয়রা। ড্র বা জয় হলে সিরিজে টিকে থাকবে তারা। আর হেরে গেলে হাত থেকে সিরিজই ফসকে যাবে ওয়েস্ট ইন্ডিজের। মঙ্গলবার সেন্ট লুসিয়ার গ্রস আইসলেটের ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
 
ফেভারিটের তকমা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ভারত। মাঠের পারফরমেন্সেও ফেভারিট ছিল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি কোহলির দল। ব্যাট-বল হাতে পারফরমেন্সের জোয়ারে ওয়েস্ট ইন্ডিজকে ভাসিয়ে দিয়েছে ভারত। ফলে ইনিংস ও ৯২ রানের জয় পায় টিম ইন্ডিয়া। 
 
এন্টিগার পারফরমেন্স জ্যামাইকাতেও ধরে রাখে ভারত। তাতে চতুর্থ দিন থেকেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি ও পঞ্চম দিনে রোস্টন চেজের সেঞ্চুরি এবং শেন ডরউইচ ও অধিনায়ক জেসন হোল্ডারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত নৈপুণ্যেই টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ।
 
আর ওই টেস্টের পারফরমেন্স থেকেই নিজেদের উজ্জীবিত করছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টেও এমন পারফরমেন্স করে ড্র বা জয় চায় ক্যারিবীয়রা। এমনটাই জানালেন ব্যাটসম্যান ডরউইচ, ‘আমাদের লক্ষ্য সিরিজে টিকে থাকা। হার বাদে জয় বা ড্র হলেই আমরা খুশী। যেমনটা গত টেস্টে করেছি। ড্র করেই আমরা খুব খুশী। কারণ, সিরিজে এখনো আমরা ভালোভাবে টিকে আছি। ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি। তৃতীয় টেস্টে আমরা ভালো করবো। আত্মবিশ্বাসের দিক দিয়ে আমরা চাঙ্গা আছি।’
 
ওয়েস্ট ইন্ডিজ যেখানে জয় বা ড্র চাইছে, সেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। জ্যামাইকা টেস্টে ওপেনার হিসেবে সেঞ্চুরি করা লোকেশ রাহুল তেমনটাই বললেন, ‘গত টেস্টে শেষ দু’দিন আমাদের ভাগ্য খারাপ ছিলো। বৃষ্টির কারণে একদিন পরিত্যক্ত হলো। আর পঞ্চম দিন দুর্দান্ত ব্যাট করেছে চেস, ডরউইচ ও হোল্ডার। আমাদের বোলারদের দক্ষতার সাথেই সামলিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ভালো খেলাটা কঠিন। তবে যাই হোক, আগের টেস্ট নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। তৃতীয় টেস্ট জিততে চাই আমরা। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।’
 
ওয়েস্ট ইন্ডিজের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামির নামে সদ্যই এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এর আগে এই ভেন্যুতে মাত্র পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ ম্যাচের চারটিতে ড্র’র স্বাদ পেয়েছে ক্যারিবীয়রা।  
 
 
ইত্তেফাক/এমআই