রংপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

 
রংপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
 
আজ সোমবার সকালে রংপুর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
তিনি জানান, পিবিআই হেড কোয়ার্টারের একটি বিশেষ টিম রবিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- জলঢাকা উপজেলার চিরুভাজা এলাকার মজিবুর রহমানের ছেলে আফিউল, দুনদুনি এলাকার ডালিম চন্দ্র শীলের ছেলে প্রদীপ চন্দ্র ও বড়গালি এলাকার মতিজার রহমানের ছেলে আব্দুল খালেক।
 
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৩০ সিমকার্ড, ১৬ হাজার ৫০০ টাকা, কিছু নাম ঠিকানাবিহীন বিকাশের রেজিস্ট্রেশন ফরম, ৮টি ভোটার আইডি কার্ড এবং একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানান শহিদুল্লাহ কাওছার।
 
 
 
ইত্তেফাক/কেকে