হিজলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একই সঙ্গে ছয়টি মালবাহী জাহাজ ডুবির ঘটনায় তিনদিন পর সোমবার তা অনুসন্ধানে তুরাগ নামের একটি অনুসন্ধানী জাহাজ পাঠিয়েছে বিআইডব্লিউটিএ। প্রসঙ্গত, শুক্রবার রাতে কার্গোগুলো ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
জাহাজ মালিকরা জানান, এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। নিখোঁজ হয়েছে এক নৌ-যান শ্রমিক। দুঘর্টনার পর বিআইডব্লিউটিএ নিমজ্জিত জাহাজ উদ্ধারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। গত দুইদিন সংস্থার বরিশাল ও চাঁদপুর অঞ্চল পরস্পরের এলাকা বলে দায়িত্ব এড়িয়ে যায়। কিন্ত দুঘর্টনাকবলিত নৌ-যানের মালিকরা বরিশালের হিজলা থানায় অভিযোগ করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ওই দুঘর্টনাস্থল হিজলার অধীনে বলে স্বীকার করে বলেন, ঢাকা থেকে সংস্থার একটি দল দুঘর্টনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের দিক নির্দেশনায় অনুসন্ধান করে নিমজ্জিত নৌ-যানগুলো সনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হবে।