ভাঙ্গায় মাদরাসা ছাত্রী অপহরণ, আটক ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফুকুরহাটি আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সাবিনা আক্তারকে (১৩) অপহরণ করেছে মাদক ব্যবসায়ীরা। সে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের হত দরিদ্র কৃষক মো. জালাল মোল্লার মেয়ে।
 
বুধবার সকালে মাদরাসায় যাবার পথে তাকে অপহরণ করে নিয়ে যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল ফকির ও তার সহযোগীরা। বিষয়টি কাউকে না জানানোর জন্য পরিবারের সদস্যদের মোবাইলে হত্যার হুমকি দিয়ে আসছে অপহরণকারীরা।
 
এ ঘটনায় রাতেই ছাত্রীর মা নাসিমা বেগম চারজনকে আসামি করে মামলা করেছেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুলিশ এরই মধ্যে রাবেয়া বেগম নামে এক অপহরনকারীকে আটক করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী বাকীদের আটকে চেষ্টা চলছে।
 
 
ইত্তেফাক/এএসএমইউ