২৩ বছরেও নিষ্পত্তি হয়নি মামলা, বিচারকের কাছে ব্যাখ্যা তলব

 
একটি হত্যা মামলার বিচার কার্যক্রম ২৩ বছরেও নিষ্পত্তি না হওয়ায় ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তীর দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারককে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে মামলার বিচার কার্যক্রম নিষ্পত্তির আদেশ দেয়া হয়।
 
এক আসামীর জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এছাড়া এই মামলার তদন্তকারী কর্মকর্তা যদি সাক্ষী উপস্থাপনে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আদালতের বিচারককে বলা হয়েছে।
 
উল্লেখ্য, ১৯৯৩ সালের ৬ আগস্ট আব্বাস উদ্দিন নামে এক যুবককে হত্যার ঘটনায় পরদিন সন্দিপ থানায় মামলা হয়। এই মামলা ফয়েজ আহমেদ ওরফে চৌকিদার ফয়েজসহ ছয়জনকে আসামি করা হয়। দীর্ঘ ২৩ বছর পর গত ১১ মে পুলিশের হাতে গ্রেপ্তার হন ফয়েজ। এই মামলায় তিনি নিম্ন আদালতে জামিন চান। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেন। পরে খারিজ আদেশে বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন মামলা করেন। আজ ওই মামলার শুনানি শেষে উপরোক্ত আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ফয়েজকে কেন জামিন দেয়া হবে না, এই মর্মে রুল জারি করে।
 
আসামিপক্ষে মো. আনোয়ারুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম খান শুনানি করেন।
ইত্তেফাক/এএম।