আলেপ্পোয় বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যাপক বিমান হামলা

আলেপ্পোয় সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো বেদখল হয়ে যাওয়া ঠেকাতে বিদ্রোহীদের অবস্থানগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করেছে সিরিয়ার বিমান বাহিনী। সেইসঙ্গে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ হওয়া এড়াতে সেখানে আরো সেনা পাঠানো হয়েছে। খবর- এএফপির।
 
এদিকে বিদ্রোহী জোট জানিয়েছে, তারা পুনরায় পুরো আলেপ্পোর দখল নিতে যুদ্ধ শুরু করেছে। সরকারি বাহিনীর তিন সপ্তাহের অবরোধ ভেঙ্গে ফেলেছে বিদ্রোহীরা। বিদ্রোহী ও কথিত জিহাদিদের নিয়ে গঠিত জোট ‘আর্মি অব কনকোয়েস্ট’ জানায়, তারা পরবর্তী যুদ্ধের জন্য যোদ্ধার সংখ্যা দ্বিগুণ করবে।
 
গ্রুপের এক বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহের অব্যাহত লড়াইয়ের পর ‘আমরা পুরো আলেপ্পো নগরীকে মুক্ত করতে নতুন পর্যায়ের যুদ্ধ শুরুর ঘোষণা করছি।’ আলেপ্পোর দুর্গে কনকোয়েস্টের বিজয় নিশান না ওঠানো পর্যন্ত তারা ক্ষান্ত হবো না বলেও বিবৃতিটিতে উল্লেখ করা হয়।
 
শহরটিতে প্রায় আড়াই লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
 
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, বিদ্রোহীদের এ ধরনের হামলা ২০১১ সালের পর সরকারি বাহিনীর জন্য বড় ধাক্কা। গত কিছু দিনে রুশ বাহিনী সেখানে ৬০০ বারেরও বেশি বিমান হামলা চালায় বলে তিনি জানান।
ইত্তেফাক/এমএএস