কুমিল্লায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ২

কুমিল্লায় পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই হিসাবরক্ষণ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত দল সোমবার দুপুরে তাদের গ্রেফতার করে।
 
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ও সোনালী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তারা সরকারি পেনশন ভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার, ৯৬২ টাকা আত্মসাত করে। এ নিয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করা হয়। এ মামলায় অভিযুক্ত  কুমিল্লার বুড়িচং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমানকে সোমবার বুড়িচং সদর থেকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
 
 একই মামলায় অভিযুক্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রামের এরশাদ হোসেন পাটোয়ারীর ছেলে।
 
কুমিল্লার দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, দুজনকে দুদকের সমন্বিত কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।