বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে এনামুল হক বাবু (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বাবু একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, প্রায় চার বছর আগে খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামের সীমা নামের এক মেয়েকে এনামুল বিয়ে করে। এরপর ৪-৫ মাস আগে এনামুল ছোট ফুলবাড়ি এলাকার এক মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। দ্বিতীয় বিয়ে করায় সীমা আদালতে এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় এনামুল হাজতে যায়।
পরে আপোস মীমাংসা হলে শনিবার এনামুল কারাগার থেকে জামিনে ছাড়া পান। রবিবার সন্ধ্যায় এনামুল দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সোমবার নিজ গ্রামের একটি সবজি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।