পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ আহত ১৫

পাবনা সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা জানান, প্রতাপপুর গ্রামের দুই চাচাতো ভাই শান্ত মালিথা ও রান্নু মালিথার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায় দুই পক্ষ লাঠিসোঁটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষ থানায় এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ