রাজধানীর বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে দুই সিটি কর্পোরেশনের (উত্তর–দক্ষিণ) দেয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে দুই সিটি কপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।
উত্তর সিটি কপোরেশনের নাগরিক নাসিম জামান ও দক্ষিণ সিটি কপোরেশনের পারভীন হাসান নামক দুই ব্যক্তির করা রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ব্যারিস্টার মুকতাদির রহমান সাংবাদিকদের বলেন, বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে দুই সিটি কর্পোরেশনের (উত্তর–দক্ষিণ) দেয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে ও রুল জারি করা হয়েছে। তবে এ আদেশ আপাতত রিটকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মুকতাদির রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গত ১৭ ও ২০ জুলাই নাগরিকদের এ নোটিশ দেয়া হয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার তারা হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে বলা হয়, মিউনিসিপ্যাল কপোরেশন (ট্রাক্সসেশন) রুলস ১৯৮৬ আইনটি ২০০৯ সালে বাতিল হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সরকার (সিটি কপোরশন) আইন ২০০৯ করা হয়। নতুন আইনে ট্যাক্স আদায়ে কোনো বিধান রাখা হয়নি। কিন্তু নাগরিকদের ২০০৯ সালের পুরনো আইন অনুযায়ী নোটিশ দেয়া হয়। যার কোনো আইনি ভিত্তি নেই। আদালত শুনানি শেষে নোটিশ স্থগিত করে রুল জারি করেন।
ইত্তেফাক/এমআই