নাশকতার দুটি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার ডিভিশন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
আসলাম চৌধুরীর পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ শুনানি করেন।
২০১৫ সালে ৪ জানুয়ারি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে নগরীর মতিঝিল ও লালবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয় পুলিশ। পরে ওই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির এই নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
ইত্তেফাক/এএম।