বিবিআইএন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিবে বিশ্বব্যাংক

 
আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল (বিবিআইএন) প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা দিবে বিশ্বব্যাংক। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ অংশে এক হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআয়ো ফান-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নে বৃহত্ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, নারীর ক্ষতায়ন এবং অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেছেন। বর্তমানে বিশ্বব্যাংক বাংলাদেশে ৪০ টি ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ মুহূর্তে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতায় কার্যক্রম চলছে বলে তিনি জানান।
 
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুনির্দিষ্ট লক্ষ্য সামনে নিয়ে অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, আজ তারাই বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। দেশে এক সময় সাড়ে সাত কোটি মানুষের খাদ্য সংকট ছিল, আজ ১৬ কোটি মানুষ খাদ্যের অভাব নেই। শুণ্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশের রপ্তানি এখন ৩৪.২৪১ বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধি ৯.৭২ শতাংশ।