চামড়া ও পাটসহ কয়েকটি পণ্যে নগদ সহায়তা বাড়ছে

 
চামড়াজাত পণ্য, জাহাজ এবং পাটজাতীয় পণ্যসহ কয়েকটি পণ্য রপ্তানিতে বিদ্যমান নগদ সহায়তা বাড়ানো হচ্ছে। তবে চামড়াজাত পণ্য নগদ সহায়তা পেতে হলে হাজারিবাগ ছাড়তে হবে। অন্যদিকে কাগজ, আতরসহ কিছু অপ্রচলিত পণ্য নতুন করে নগদ সহায়তার আওতায় আসছে। আবার আলুসহ দু একটি পন্যে বিদ্যমান সহায়তা কমছে। অপরিবর্তিত থাকছে তৈরি পোশাক রপ্তানির নগদ সহায়তার হার।
 
সোমবার চলতি অর্থবছরে রপ্তানি খাতে প্রণোদনা বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
বৈঠক সূত্র জানিয়েছে, ১০টি রপ্তানি পণ্যের বিদ্যমান নগদ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাহাজ শিল্পের নগদ সহায়তা বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বহুমুখী পাটজাত পণ্যের ক্ষেত্রে ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ, চামড়া খাতে সাড়ে ১২ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। দেশে উত্পাদিত কাগজ রপ্তানিতে ১০ শতাংশ, আগর ও আতর রফতানিতে ২০ শতাংশ এবং গবাদিপশুর নাড়িভুঁড়ি ও শিং রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া আলুসহ কয়েকটি পণ্যে এ সহায়তায় কাটছাঁট করা হচ্ছে।
 

চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে নগদ সহায়তা খাতে সরকার সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৫০০ কোটি টাকা ইতোমধ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজিএমসি) দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে সংস্থাটি পাট ক্রয় করবে। ক্যাশ ইনসেনটিভ খাতে যে বাকি ৪ হাজার কোটি টাকা রয়েছে তা থেকে এসব খাতে আর্থিক সুবিধা দেয়া হবে।