দীর্ঘ বিরতি নিয়ে চিন্তিত হাথুরুসিংহ

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের দীর্ঘ বিরতি ভাবাচ্ছে কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে। দীর্ঘ ছুটি কাটিয়ে রবিবার ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ। এসেই সোমবার টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন তিনি। অন্যদিকে মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হোন এই শ্রীলঙ্কান।
 
অনেকদিন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নেই বাংলাদেশ। সামনে ইংল্যান্ড সিরিজ, কিন্তু সেটিও এখনো ঝুলে আছে। নিরাপত্তা ইস্যুতে এখনো নিশ্চিত হয়নি ইংল্যান্ড সিরিজ। যদি ইংল্যান্ড সিরিজ না হয়, তাহলে আরো বহুত দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে থাকতে হবে টাইগারদের। যা বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে!
 
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে কোচ হাথুরুসিংহে ইংল্যান্ড সিরিজসহ আরো অনেক বিষয় নিয়ে কথা বলেন।
 
শুরুতে বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কারো জন্য ভালো নয়। তবে আমাদের কিছু করারও নেই। আমি ছেলেদের সে কথাই জানিয়েছি। এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সেরা প্রস্তুতি নিতে, নিজেদের দক্ষতা বাড়াতে। আমাদের এ কাজটাই এখন করতে হবে। এটা অবশ্যই আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কোনো সময়ই বৃথা যাবে না। তবে সত্যি বলতে ক্রিকেটের মূল ধারা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমাদের জন্যে এটা অবশ্যই আদর্শ কোনো পরিস্থিতি নয়।’
 
এছাড়া হাথুরুসিংহে ক্রিকেটারদের দীর্ঘদিন না খেলাকেই প্রধান অসুবিধা চিহ্নিত করেন। তিনি বলেন, ‘ক্রিকেটাররা খেলার মধ্যে থেকেই নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।আমরা দীর্ঘদিন ম্যাচ খেলিনি, অসুবিধা এটিই। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আমরা সময় পাচ্ছি। এই সময়টাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারব। ইতিবাচক দিক এটিই।’
 
সামনে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য স্থির করেছেন কোচ হাথুরুসিংহে। আর সেভাবেই নিজেদের প্রস্তুত করার চিন্তা।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন ফিটনেস নিয়ে কাজ করছি। আমরা স্কিল ট্রেনিংও শুরু করেছি। ফিল্ডিং অনুশীলন করছি এখন। ২০ আগস্ট থেকে আমরা ব্যাটিং ও বোলিং অনুশীলন শুরু করব। ঈদের আগে ও ইংল্যান্ড আসার পূর্বে আমরা বিসিএলের কয়েকটি ম্যাচে অংশ নিব। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অনুশীলন পর্ব শেষে আমরা কয়েকটি অনুশীলন ম্যাচ খেলব। ম্যাচ পরিস্থিতি তৈরী করে ওদের নিয়ে অনুশীলন করব। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুতি নিতে পারব।’
 
সম্প্রতি শ্রীলংকা নিজেদের মাটিতে টানা দুই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আর শ্রীলংকায় জন্ম নেয়া চান্দিকা হাথুরুসিংহে তাই বেজায় খুশি অন্যদিকে অস্ট্রেলিয়ায় অনেকদিন কাটানোর ফলে কিছুটা মন খারাপ অস্ট্রেলিয়ার জন্য।
 
শ্রীলংকার জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব খুশি কারণ শ্রীলংকা জিতেছে এবং আমি একজন শ্রীলংকান; কিন্তু অস্ট্রেলিয়া হারায় আমি অখুশিও বটে। কারণ, আমি সেখানে অনেকদিন ছিলাম, সেখানকার খেলোয়াড়দের অনুশীলন করিয়েছি। তারা ভালো করতে পারেনি তাই আমি ব্যথিত। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া।’
 
দলের মূল ফোকাস এখন ইংল্যান্ড সিরিজ। আর ইংল্যান্ড সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে। তিনি বলেন, ‘এখন আমি আমার দলের ওপর ফোকাস করছি, কারণ সামনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নিজেদের কন্ডিশনে আমরা অনেক আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস তাদের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।’
 
আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা আছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।