প্রধান কার্যালয়ের অংশ ইজারা দেবে টুইটার!

জ্যাক ডরসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পরও সুদিনের দেখা পায়নি ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। গত সাত-আট মাসে নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এবং বিভিন্ন সেবা যোগ করেও উল্লেখযোগ্য হারে ব্যবহারকারী পায়নি সাইটটি। বার্ষিক আয়ের পরিমাণওটা সন্তোষজনক নয়, আর এ কারণে বিনিয়োগকারীদের প্রসারও অব্যাহত রয়েছে।
 
এই টালমাটাল অবস্থা সামলে উঠতে এখন সান ফ্রান্সিসকোর কার্যালয়ের কিছু অংশ ইজারা দিতে চাইছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটি! সান ফ্রান্সিসকো বিজনেস টাইমস এর বরাত দিয়ে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমে এসেছে এই খবর।
 
২০১২ সালে প্রথম নিজেদের প্রধান কার্যালয়ে প্রবেশ করে টুইটার। এখানে বর্তমানে ১ হাজার ৪১৬ জন কর্মী কাজ করেন।
 
তবে নিজেদের প্রধান কার্যালয়ের অংশ ইজারা দেয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের নিজেদের স্থাবর সম্পদে বিনিয়োগের নজির রয়েছে। এই যেমন, ২০১৫ সালের ড্রপবক্সও তাদের অফিসের ৪০ শতাংশ ইজারা দেয়ার পরিকল্পনা করেছিল।