ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় কনিষ্ঠতম পেসার আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ে বিপদে রয়েছে ভারত। প্রথমদিন শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান। ভারতের পক্ষে দৃঢ়তার সঙ্গে ক্রিজে আছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। ষষ্ঠ উইকেট জুটিতে ভারতকে খাদের কিনারা থেকে রক্ষা করে ১০৮ রানের জুটি গড়েছে তারা।
এদিকে অভিষেকের দিনে এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পেসার দারুণ প্রতিভার পরিচয় দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বকনিষ্ঠ পেসার হিসেবে টেস্টে শুরুতে বোলিং শুরু করেন জোসেফ (১৯ বছর ২৬৩ দিন)। এর আগে ১৯ বছর ৫ দিনে ক্যারিবিয়ানদের হয়ে টেস্টে শুরুতে বোলিং করেন জেরম টেলর। বল হাতে শুরুতেই সাফল্য পান জোসেফ। নিজের তৃতীয় ওভারে জোসেফের শিকার বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি (৩)। পরের স্পেলে রোহিত শর্মার (৯) উইকেট নেন এ পেসার। প্রথম দিনের সাফল্য বলতে দুই উইকেট। কিন্তু ভারতের ব্যাটসম্যানদের চাপে রেখে দারুণ প্রশংসিত হন জোসেফ।
জোসেফের সঙ্গে বল হাতে ২ উইকেট নেন রস্টন চেজ। ১টি উইকেট নেন গ্যাবরিয়েল।
৫০তম ওভারে ১২৬ রানে ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য দিনের বাকি সময়টুকু ছিল হতাশার। দিনের শেষ বেলায় দ্বিতীয় নতুন বলেও কিছু করতে পারেনি স্বাগতিক বোলাররা।ষষ্ঠ উইকেটে ১০৮ রানের জুটি গড়ে অশ্বিন ও সাহা ভারতকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস(প্রথম দিন শেষে) : ৯০ ওভারে ২৩৪/৫ (রাহুল ৫০, ধাওয়ান ১, কোহলি ৩, রাহানে ৩৫, শর্মা ৯, অশ্বিন ৭৫*, ঋদ্ধিমান ৪৬*; জোসেফ ২/৩৮, চেইজ ২/৩৮, গ্যাব্রিয়েল ১/৬৮)
ইত্তেফাক/ইএসপিএনক্রিকইনফো/আরএ