'টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।' -এই বেদনাদায়ক কথাগুলো শুনিয়ে বিদায় নিয়েছিলো মেটা-ডাটা সার্চ ইঞ্জিন ‘টরেন্টজ’। এতে মুষড়ে পড়েছিলেন অনেকেই। তবে তাদের জন্য সুখবর হল, নতুন রূপে ফিরেছে সিনেমা, গান, গেমস আর টেলিভিশন সিরিজের এই বিশাল ভাণ্ডার!
স্কুপহুপ এক খবরে জানিয়েছে, ‘কিকঅ্যাস টরেন্টস’ বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ-ই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় torrentz.eu। তবে মাত্র চার দিনের মাথায় torrentz2.eu নামে ফিরেছে জনপ্রিয় এই মেটা-ডাটা সার্চ ইঞ্জিন।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কড়া নজরদারি এবং গ্রেপ্তার বেড়ে যাওয়ায় পাইরেসি-সংশ্লিষ্ট বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে টরেন্টজ বন্ধের কারণ নিয়ে কিছু জানা যায়নি, একইভাবে বিস্তারিত কিছু জানা যায়নি মেটা-ডাটা সার্চ ইঞ্জিনটির ফিরে আসার ব্যাপারেও।