একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার জন্য যশোরের আট আসামির মধ্যে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন বিশ্বাসকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে।
বুধবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবে।
বাকি ছয় আসামির মধ্যে মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেককে পলাতক রয়েছেন। এছাড়া আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, সকালে দুই আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে পাঠানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তাদের হাজতখানায় রাখা হয়।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/এএসএস