ব্যাপক শিকার নয়, মাছ বিলুপ্তির জন্য দায়ী উষ্ণ জলবায়ু

আফ্রিকার সবচেয়ে পুরানো ও গভীরতম হ্রদ লেক তাংগানিকায় মাছের সংখ্যা দিন দিনই কমছে। মার্কিন গবেষকরা বলেছেন, ব্যাপকভাবে মাছ ধরার কারণে নয়, জলবায়ুর উষ্ণতার কারণেই মাছ কমে যাচ্ছে।
 
চলতি সপ্তাহে প্রকাশিত ‘লেক তাংগানিকা’ নামক এক গবেষণায় এ তথ্য জানা গেছে। হ্রদের তীরের মাটি খুঁড়ে পাললিক নমুনা নিয়ে এ গবেষণা চালানো হয়। গবেষণাকালে জৈববৈচিত্রের পরিবর্তনশীলতা অনুধাবনে ১৫ বছর আগের তথ্যের সঙ্গে তুলনা করা হয়। হ্রদের তাঞ্জানিয়া, বুরুন্ডি ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অংশের ওপর এ গবেষণা করা হয়। গবেষণায় দেখা গেছে, অষ্টাদশ শতক থেকে হ্রদ উষ্ণ হচ্ছে। ফলে হ্রদে মাছের খাবার শৈবাল দিনে দিনে কমছে। একইসঙ্গে মাছের সংখ্যাও হ্রাস পাচ্ছে।
 
IMG0
 
১৯৫০ এর দশকে লেক তাংগানিকায় বাণিজ্যিকভাবে মাছ ধরা শুরু হয়। এ সময় অনেকে উদ্বেগ প্রকাশ করেন যে হ্রদে ব্যাপকহারে মাছ ধরার কারণে তারা হুমকির মুখে পড়তে পারে। লেক তাংগানিকা এ অঞ্চলের মানুষের ৬০ শতাংশ আমিষের চাহিদা পূরণ করে এবং এখান থেকে বছরে দুই লাখ টন মাছ ধরা হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানের অধ্যাপক ও প্রধান গবেষক এন্ড্রু কোহেন বলেন, অনেকে বলেন, তাংগানিকা হ্রদের প্রধান সমস্যা হলো বেশি মাত্রায় মাছ ধরার নৌকা চলাচল। তবে গবেষণায় দেখা গেছে, ১৯ শতক থেকে মাছের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে।
 
IMG1
 
তিনি বলেন, পানির উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব মাছ বিলুপ্ত হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে ব্যাপকভাবে মাছ ধরাও আংশিক দায়ী। গবেষণায় দেখা গেছে, জলবায়ু উষ্ণতার কারণে ১৯৪৬ সাল থেকে মাছের উপযুক্ত বিচরণক্ষেত্র ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। এএফপি।
 
 
ইত্তেফাক/এসএসএ